আওয়ামী লীগের নাম ব্যবহার করে গজিয়ে ওঠা তথাকথিত 'ভুঁইফোড়' সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনি। তিনি এসব সংগঠনকে ‘রাজনৈতিক দোকান’ হিসেবে অভিহিত করে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, “আমরা যখন সরকারে ছিলাম, তখনও বারবার বলেছি— তরুণ লীগ, যুবক লীগ, বঙ্গবন্ধু লীগ, সাইবার লীগ, অনলাইন লীগ— এসব সবগুলোই রাজনৈতিক দোকান। এমনকি বর্তমানে শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বা ঐক্য পরিষদের নামে যা হচ্ছে, সেগুলোও একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
এজেন্সির অর্থায়নে সংগঠন তৈরির অভিযোগ নুরুল আজিম রনি অভিযোগ করেন, বর্তমান সময়ে যেসব নতুন সংগঠন তৈরি হচ্ছে, সেগুলোর পেছনে সরকারি বিভিন্ন এজেন্সির অর্থায়ন বা প্রলুব্ধ করার বিষয় জড়িত থাকতে পারে। তিনি প্রশ্ন তোলেন, “আওয়ামী লীগের এতগুলো শক্তিশালী অঙ্গ ও সহযোগী সংগঠন থাকতে কেন নতুন ভুঁইফোড় সংগঠন তৈরি করতে হবে? যারা এগুলো করছে, তারা কি আওয়ামী লীগের ওপর আস্থা রাখতে পারছেন না?
নেত্রী অবগত নন’ অনেকে দাবি করেন যে, দলীয় সভানেত্রীর নির্দেশেই তারা এসব সংগঠন পরিচালনা করছেন। এর জবাবে রনি বলেন, “আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি— নেত্রী কখনোই এদের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য সম্পর্কে অবগত নন। তিনি সৌজন্যবশত সবার ফোন ধরেন এবং উৎসাহ দিতে ‘চালিয়ে যাও’ বলেন। কিন্তু এই কথার সুযোগ নিয়ে অনেকে সরকারি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে এবং দলের তথ্য পাচার করছে।”
তিনি আরও যোগ করেন, যদি নেত্রী সাংগঠনিকভাবে এসবের সম্মতি দিতেন, তবে গঠনতন্ত্র অনুযায়ী তাদের স্বীকৃতি দেওয়া হতো। প্রতিকূল পরিস্থিতিতে সম্মেলন সম্ভব না হলেও নেত্রী তাঁর একক ক্ষমতাবলে তা করতে পারতেন। যেহেতু তিনি তা করেননি, তাই এসব সংগঠনের কোনো বৈধতা নেই।
অফিসিয়াল সংগঠনের বাইরে সমর্থন নয় রনি স্পষ্টভাবে জানান, আওয়ামী লীগের পক্ষে কাজ করতে হলে নির্ধারিত মূল ও সহযোগী সংগঠনের মাধ্যমেই করতে হবে। তিনি অফিসিয়াল সংগঠনগুলোর তালিকা তুলে ধরেন:
* বাংলাদেশ ছাত্রলীগ
* বাংলাদেশ যুবলীগ
* বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ
* বাংলাদেশ কৃষক লীগ
* বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ
* যুব মহিলা লীগ
* বাংলাদেশ শ্রমিক লীগ
* বাংলাদেশ তাঁতী লীগ
* এবং স্বীকৃত কিছু পেশাজীবী সংগঠন।
সতর্কবার্তা,বক্তব্যের শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এসব মূল সংগঠনের বাইরে ভুঁইফোড় সংগঠন তৈরি করবে বা সমর্থন দেবে, বুঝতে হবে তাদের বিশেষ কোনো গোপন উদ্দেশ্য আছে অথবা তারা কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার টোপ গিলেছে। দলের দুঃসময়ে এসব সুবিধাবাদীদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।
কার্তিক রঞ্জন শীল